বিচারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: এ্যানি
“অন্তর্বর্তী সরকারকে আন্দোলন সংগ্রামের পর আমরাই বসিয়েছি। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এই সরকার চলছে”, বলেন তিনি।
জুলাই-অগাস্ট আন্দোলনে হত্যায় জড়িতদের বিচারের পাশাপাশি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, “একদিকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, আরেকদিকে দ্রুত সংস্কার করতে হবে। সেইসঙ্গে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের পাশাপাশি নির্বাচনও করতে হবে।”
শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরজয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ডভিত্তিক নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে সভায় এসব কথা বলেন তিনি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বসে নাই। তারা দেশে ও দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছেন। যেন বাংলাদেশে সামনের নির্বাচন না হতে পারে, গভীর ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে আন্দোলন সংগ্রামের পর আমরাই বসিয়েছি। এ সরকার আমাদেরই সরকার। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এই সরকার চলছে। আমরা সরকারকে সহযোগিতা করছি।
“তবে প্রত্যেক উপদেষ্টাকে সতর্ক হতে হবে। আপনারা যদি সতর্ক না হন, দ্রুত হাসিনার বিচার যদি দৃশ্যমান ও ত্বরান্বিত না হয়, তাহলে দেশের মানুষ খুব কষ্ট পাবে। বিপদে পড়বে।”
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “সংস্কার করতে তিন মাস লাগবে, তিন মাসের জায়গা ছয় মাস লাগবে, যাই হোক, এখনো কিছুই দৃশ্যমান হয়নি। সবাই মিলে যদি দেশটাকে ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি, সুযোগ কিন্তু তারা (ফ্যাসিস্ট) নেবে।
“ফ্যাসিস্ট কিন্তু থাবা মারার জন্য বসে আছে। পার্শ্ববর্তী দেশ (ভারত) কিন্তু ব্যাপকভাবে নাক গলাতে চায় এবং চেয়েছে।”
শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানিয়ে এ্যানি বলেন, “খুনের বিচার খুব জরুরি। খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হতে হবে। হাসিনার বিচার হতে হবে। আমরা তাড়াতাড়ি দৃশ্যমান বিচার দেখতে চাই।
“আমরা আশা করছি, মাননীয় উপদেষ্টারা এ ব্যাপারে বিশেষভাবে নজর দেবেন। খুব বেশি সক্রিয় থাকবেন। সময় বার বার আসবে না। সময় নষ্ট করা যাবে না।”
দেশ ও জাতির প্রয়োজনে বিএনপি যে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, তার ভিত্তিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আমরা শক্তিশালী করব। সবাই মিলে আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখব, তাহলে শক্তিশালী হবে।”
জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই বিএনপি লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
