সিলেট-৬: ভোটে সেনাবাহিনী চাইলেন বিএনপি প্রার্থী
ইসি এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কাছে এ ব্যাপারে আবেদন করা হয়েছে।
সিলেট-৬ আসনে বিয়ানীবাজার উপজেলায় সেনাবাহিনী চেয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
ইসি এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কাছে বুধ ও বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে আবেদন করেছেন।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন আলোচনায় রয়েছেন। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের ‘বিদ্রোহী’ প্রার্থী মাওলানা ফখরুল ইসলামও আছেন ভোটের মাঠে।
আবেদনে এমরান আহমেদ চৌধুরী বলেন, “অন্যান্য জাতীয় সংসদীয় আসনের উপজেলা পর্যায়ে সেনাবাহিনী মোতায়নের প্রক্রিয়া চলমান থাকলেও আমরা জানতে পেরেছি, সিলেট-৬ আসনের অধীন বিয়ানীবাজার উপজেলায় সেনা মোতায়ন করা হবে না। কিন্তু বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত জনবহুল এলাকা।
“এরই মধ্যে বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির অনুপ্রবেশকারীরা বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচারের বাহানায় সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে। ফলে উপজেলাটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।”
তিনি বলেন, “এ অবস্থায় বিয়ানীবাজার উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা বিধান এবং নির্বাচনের সুষ্ঠু ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর নির্বাচনের পরিবেশ রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়ন করা একান্ত আবশ্যক।”
আবেদনের অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং সিলেট জেলা পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে বলে এমরান আহমদ চৌধুরী জানান।
