Published : 24 Jul 2026, 11:51 PM
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার লালমোহন উপজেলায় আনন্দ মিছিল হয়েছে। তিনি ভোলা-৩ আসনের সংসদ সদস্য।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের করিম রোড থেকে একটি মিছিল বের হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিলটি পৌর শহর ঘুরে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাফিজ উদ্দিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।
হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা। এ ছাড়া অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন তারা।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহীন, সদস্যসচিব মো. শহিদুল ইসলাম এবং উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমান উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগপত্র জমা দেন।
এদিন বিকালে বঙ্গভবনের তরফে তার পদত্যাগপত্র প্রকাশ করা হয়, যেখানে তারিখ লেখা আছে ২০২৬ সালের ২৪ জুলাই।