২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্লিন ইমেজের’ আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাপা: মোস্তাফিজার

“আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা-মোকাদ্দমা নাই। তাকে যদি আমরা যোগ্য প্রার্থী মনে করি, দেব না কেন, অবশ্যই দেব,” বলেন জাতীয় পার্টির এই কো-চেয়ারম্যান।

‘ক্লিন ইমেজের’ আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাপা: মোস্তাফিজার
রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির (জাপা) দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 09:27 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

‘ক্লিন ইমেজের’ আওয়ামী লীগ নেতারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদের মনোনয়ন দেওয়ার কথা বলেছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিনি বলেছেন, “আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ‘ক্লিন ইমেজের’ এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন।”

শনিবার দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির (জাপা) দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মোস্তফা বলেন, “আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা-মোকাদ্দমা নাই। তাকে যদি আমরা যোগ্য প্রার্থী মনে করি, দেব না কেন, অবশ্যই দেব। আমাদের ক্যানডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব।”

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়েছে তিনি বলেন, “এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে, তাহলে দেব না (মনোনয়ন) কেন অবশ্যই দেব। 

“ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে ‘ক্লিন ইমেজের’ লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করেন, তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব।”

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, “গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নাই তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে। 

“সামনে নির্বাচনে যদি জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি ও গণধিকার পরিষদ একদিকে থাকতে চায়, আর আরেকদিকে বিএনপি।

“এখন তারা যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না বলে সরে দাঁড়ায়, তাহলে বিএনপি একা হবে। এতে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।”

বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতাবিরোধী শক্তিগুলো চেষ্টা করছে বলে মনে করেন রংপুর সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।

এ সময় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ইয়াসির, রংপুর মহানগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম উপস্থিত ছিলেন।