Published : 14 Jul 2026, 06:00 PM
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর ‘কটূক্তির’ প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এতে সড়কের উভয়পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন চালক ও সাধারণ যাত্রীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল। সেইসঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন তারা।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। পরে তারা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।”