২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৭ তরুণ আটক

আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 12:27 AM

Updated : 26 Aug 2026, 09:55 AM

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে সাত তরুণ আটক করেছে র‌্যাব। আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে দাবি র‌্যাবের। 

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১১, সিপিসি ২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এর আগে বুধবার রাতে র‌্যাব ১১ এর একটি দল গোপন সংবাদে কুমিল্লা নগরী সংলগ্ন ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটকদের মধ্যে একজনের বয়স ১৯ বছর; বাকিরা ১৫ থেকে ১৭ বয়সি। 

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আটকদের কাছ থেকে চারটি কুড়াল, একটি চাপাতি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, “এরা দেশীয় অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়াও আটকরা ভয়ভীতির মাধ্যমে ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ যানবাহনে ছিনতাই, চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে স্বীকার করেছে।

আটকদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান।