২৬ ঘণ্টা পর ফেরত এল কুমিল্লা সীমান্তে নিহত বাংলাদেশির লাশ
“ঘটনার পরই আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। এ নিয়ে পতাকা বৈঠক হয়েছে।”
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কামাল হোসেনের লাশ ২৬ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার রাত ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত দিয়ে ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয় বলে ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন জানান।
এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় ওই যুবককে গুলি করে বিএসএফ। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে তার লাশ মরদেহ নিয়ে যায় তারা।
নিহত ৪০ বছর বয়সী কামাল হোসেন ঘটনাস্থলের পাশে জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, চার সন্তানের জনক কামাল সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ‘অবৈধভাবে’ ভারতে প্রবেশ করেছিলেন। এক পর্যায়ে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি ‘মাদক’ ও ‘চোরাকারবারে’ যুক্ত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার বলেন, “ঘটনার পরই আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। এ নিয়ে পতাকা বৈঠক হয়েছে। পরে মরদেহ হস্তান্তর করা হয়।”
নিহত ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলা ছিল বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম।
তবে নিহত কামালের বড় ভাই হিরণ মিয়ার দাবি, তার ভাই পিঁপড়ার বাসা ভেঙে পিঁপড়ার ডিম বিক্রি করতো। এতে যা আয় হতো তা দিয়ে সংসার চলতো তার। সে মাদক ও চোরাকারবারে জড়িত ছিল না।
