Published : 17 Aug 2025, 07:58 PM
বগুড়ায় একটি খাল থেকে ছয়টি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোটকুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পিছনের খালে এসব পাওয়া যায় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।
পুলিশের এই কর্মকর্তা বলেন, স্থানীয়রা প্রথমে খালে বোমাগুলো দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি এবং কিছুক্ষণ পর আরও দুটি মিলিয়ে মোট ছয়টি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করে। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া হাতবোমাগুলো অনেক পুরোনো। এ বিষয়ে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।