ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে অন্তত ১৫ কিলোমিটারজুড়ে এ যানজট রয়েছে।
দীর্ঘ যানজট দেখা দিয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।
বুধবার ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে অন্তত ১৫ কিলোমিটারজুড়ে এ যানজট রয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক৷
হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছেন বলে সকাল সোয়া ১০টার দিকে জানান তিনি৷
এ থানার ডিউটি অফিসার এএসআই সোহেল রানা বলেন, “ভোর থেকে বিভিন্ন ট্রাক, পিকআপযোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন অনেকে৷ তাদের গাড়িগুলো আগে নেবার জন্য অন্য যানবাহনগুলোকে সাইড করে রাখেন ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া লোকজন৷
“এ কারণে সড়কে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, তৈরি হয় দীর্ঘ যানজট৷ আমাদের টিম কাজ করছে৷”
এদিকে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে দীর্ঘ যানজট দেখা দেওয়ার প্রভাব পড়েছে আশেপাশের সড়কেও৷
ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকেও দীর্ঘ যানজট দেখা দিয়েছে৷
