২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব আল হাসানকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট

তার বুকের ডান পাশের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

সাকিব আল হাসানকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে সোমবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়েছে এক স্কুলছাত্র।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 08:40 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে দেখতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এক স্কুলছাত্র।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানান।

শিশুটির মামা আরমান হোসেন রনি রাত সাড়ে নয়টায় নিরবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

আহত নিরব হোসেন (১৩) উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে ধোড়করা বাজারে হারল্যান কসমেটিক্সের একটি শোরুমের উদ্বোধন করেন ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে একনজর দেখার সেখানে হাজারো জনতা জড়ো হয়। 

স্কুলছাত্র নিরবও সাকিবকে দেখার জন্য বাজারের মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় ওঠে। তখন বিদ্যুতের তারে জড়িয়ে তার শরীরে আগুন লেগে যায়। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিরবকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লায় স্থানান্তর করা হয়। 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হক বলেন, “আশঙ্কাজনক অবস্থায় নিরবকে নিয়ে আসা হয়েছে। তার বুকের ডান পাশের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লায় স্থানান্তর করা হয়েছে।”