২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ওসি বলেন, “এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত অভিযোগ পাইনি।”

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 07:35 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছেন। এ সময় বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে অভিযোগ উঠেছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম। 

স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্ষাপাড়া গ্রামের ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের সাথে একই গ্রামের মোকসেদ ফকির ওরফে মোকসেদ মাস্টারের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। 

এর মধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান ফকির (২৭), হাসমত ফকির (২৯), মোহাম্মদ উল্লাহ (২৭), দুলাল ফকির (৫০), হামিদুল্লাহ ফকির (২৫), আব্বাস আলী (৪২), ইয়াছিন ফকির (২৭), সবুজ ফকির (৪৫), সজিব ফকির (২৫), রিপন ফকির (২৬), সাফায়েত ফকির (২৬), সুফিয়ান ফকির (২০), জুলহাস ফকির (২৪), সামিউল ফকির (৩০), মেহেদী ফকির (২৫), মিন্টু ফকির (৩৫), আবদুল্লাহ ফকির (২৫), তারিক ফকিরকে (৩২) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে ইউপি সদস্য ইব্রাহিম ফকির বলেন, “মোকসেদ মাস্টারের লোকজন আমার লোকজনের উপর হামলা চালিয়ে মারধর করেছে। এই মারধরে আমার কমপক্ষে ১৫জন লোক আহত হয়েছে।”

মোকসেদ মাস্টার বলেন, “ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের লোকজন আমার লোকজনের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আমার লোকজন বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।” 

ওসি ফিরোজ বলেন, “এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”