২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যানজট নিরসনে’ চাঁদপুর পৌর এলাকায় চলবে দুই রঙের ইজিবাইক

ফেব্রুয়ারি থেকে সবুজ রঙের বেজোড় সংখ্যা ও জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলবে, বলেন পৌর প্রশাসক।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

চাঁদপুর শহরের যানজট নিরসনে দুই রঙের ব্যাটারি চালিত ইজিবাইক চালানোর উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।  

লাইসেন্সেধারী ইজিবাইক জোড় সংখ্যার রঙ হবে লাল আর বেজোড় সংখ্যার রঙ সবুজ। 

চাঁদপুরের পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, “শহরের যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সবুজ রঙের বেজোড় সংখ্যা এবং জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। ফলে অবৈধ কোনো ইজিবাইক চলাচল করতে পারবে না।”

বুধবার দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট দেওয়া এবং জোড় ও বেজোড় সংখ্যায় আলাদা রঙ করে দিচ্ছেন শ্রমিকরা।

পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, “এই কাজটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পৌর এলাকায় ইজিবাইক চালক ও মালিকদের উদ্দেশে মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। 

“পৌরসভায় দুই হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর প্লেট ও রঙ করার কাজ ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কাজ করা হচ্ছে।”

শহরের ওয়ারলেছ এলাকার ইজিবাইক চালক মজিবুর রহমান, “পুরাণ বাজারের সোলাইমান মিয়া বলেন, যানজট নিরসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে স্বাগত জানাই। তবে এক কালারের গাড়ি একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আশা করি, পৌর কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”

পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, “ফেব্রুয়ারির এক  তারিখ থেকে চাঁদপুরে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা শহরের তিনটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে পারবে।”

“চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের সামনে, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়কের মাথা এবং চাঁদপুর-হাইমচর সড়কের জন্য নতুন বাজার-পুরান বাজার সেতুর পুরান বাজার অংশে অটোরিকশা অবস্থান নেবে।”