লিবিয়ায় ‘দালাল চক্রের নির্যাতনে’ বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ
এক প্রবাসীর মাধ্যমে রাসেলের মৃত্যুর খবর জানতে পারে পরিবার।
লিবিয়ায় দালাল চক্রের নির্যাতনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা।
নিহত রাসেল মিয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের লাউস মিয়া ও আউলিয়া বেগমের বড় ছেলে।
স্বজনদের ভাষ্য, রাসেল অবৈধপথে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যেতে চেয়েছিলেন। কিন্তু শুক্রবার লিবিয়ায় দালালদের নির্যাতনে তার মৃত্যু হয়।
শনিবার দুপুরে এক প্রবাসীর মাধ্যমে রাসেলের মৃত্যুর খবর জানতে পারে পরিবার।
পরিবার বলছে, ২০২৪ সালের শুরুর দিকে ইতালি যাওয়ার জন্য রাসেল লিবিয়ায় পাড়ি জমান। ১৫ লাখ টাকা দিয়ে একই গ্রামের এক দালালের মাধ্যমে লিবিয়ায যান তিনি। লিবিয়া থেকে তাকে ইতালি পাঠানোর কথা ছিল।
স্বজনরা বলছেন, লিবিয়ায় পৌঁছানোর পর তাকে স্থানীয় দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর শুরু হয় নির্যাতন। দালাল চক্র রাসেলকে নির্যাতন করে ভিডিও বাংলাদেশে পাঠিয়ে পরিবারের কাছ থেকে বিভিন্ন দফায় আরও ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়।
রাসেলের বাবা আউয়াল মিয়া বলেন, “বসতভিটা ও ফসলি জমি বিক্রি করে কয়েক ধাপে ৪০-৫০ লাখ টাকা দিয়েছি। আরও ১০ লাখ টাকা চেয়েছিল; না দেওয়ায় বিষাক্ত ইনজেকশন দিয়ে ছেলেকে হত্যা করেছে।”
ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, “রাসেলকে বাঁচাতে তার পরিবার প্রায় ৫০ লাখ টাকা দিয়েছে। কিন্তু ছেলেকে বাঁচাতে পারেনি।”
নাসিরনগর থানার ওসি খায়রুল আলম বলেন, ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি নানা মাধ্যমে জেনেছেন। ভুক্তভোগীর পরিবার অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
