বরিশালে জেলেদের হামলায় ইউএনওসহ আহত ৫, আটক ১১
নিষেধাজ্ঞার মধ্যে মেঘনা নদীতে ইলিশ ধরা ঠেকাতে অভিযানে গিয়ে হামলার শিকার হয় প্রশাসনের একটি দল।
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরে বরিশালের মেঘনা নদীতে অভিযানে গিয়ে জেলেদের হামলায় আহত হয়েছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তারসহ পাঁচজন। এ ঘটনায় আটক করা হয়েছে ১১ জেলেক
শুক্রবার বিকালে নদীতে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে বলে জানান হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।
আটক ১১ জেলের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অন্য সাতজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ইউএনও জাহাঙ্গীর হোসেন জানান, মা ইলিশ রক্ষায় র্যাব, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মেঘনা নদীতে অভিযান চালায়।
এ সময় নদীতে জাল ফেলে অবস্থান করা একটি নৌকাসহ কয়েক জেলেকে আটক করা হয়। তখন তাদের ডাকে আরও তিনটি নৌকা এসে অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা করেন জেলেরা।
জেলেরা নৌযানে ইট, লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল টেলে আগুন ধরিয়ে নিক্ষেপ শুরু করেন। এতে এক আনসার সদস্য, চার কর্মচারী ও তিনি (ইউএনও) আহত হন।
ইউএনও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১ জেলেকে আটক করা হয়।
আটকদের মধ্যে সাতজনের বিরুদ্ধে মামলা হবে; এ ছাড়া বাকি চারজন কিশোর হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
