Published : 29 Nov 2025, 09:25 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান।
নিহত শহিদুল ইসলাম শহিদ উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর মালিতার ছেলে।
বিজিবি জানায়, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন মিলে ভারত থেকে মাদক আনতে গিয়েছিলেন। বিকালে ফেরার সময় বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া দেয়। সবাই পালিয়ে গেলেও শহিদুল ধারালো অস্ত্র নিয়ে পাল্টা বিএসএফের ওপর হামলা করে।
এ সময় বিএসএফ গুলি করলে জখম হন শহিদুল। পরে তাকে ভারতের হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “ঘটনাটি ভারতের দুই কিলোমিটার অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে ঘটেছে। ঘটনা শোনার পরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। শহিদুল চোরাকারবারির সঙ্গে জড়িত বলে আমরা জানতে পেরেছি।”