২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে ‘মাদকসহ’ আওয়ামী লীগ সমর্থিত দুই আইনজীবী গ্রেপ্তার

পুলিশের দাবি, তাদের প্রাইভেট কারে বিদেশি মদ পাওয়া গেছে।

কিশোরগঞ্জে ‘মাদকসহ’ আওয়ামী লীগ সমর্থিত দুই আইনজীবী গ্রেপ্তার
(বাঁ থেকে) লুৎফুর রহমান ভুঁইয়া ও সানোয়ার হোসেন

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 09:02 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

কিশোরগঞ্জে ‘মাদকসহ’ আওয়ামী লীগ সমর্থিত দুই  আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া এলাকার একটি চৌকিতে পুলিশ তাদের বহনকারী প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি করে বিদেশি মদের একটি বোতল পায় দাবি পাকুন্দিয়া থানার এসআই আবু হানিফের।

তিনি বলেন, পরে তাদের আটক করে পাকুন্দিয়া থানায় নিয়ে যাওয়া হয়। 

আবু হানিফ বাদী হয়ে তিনজনকে আসামি করে মাদক আইনে একটি মামলা করেন। 

গ্রেপ্তাররা হলেন, জেলার মিঠামইন উপজেলার ঢাকি ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান লুৎফুর রহমান ভুঁইয়া রুবেল (৪৬) ও জেলা পরিষদের সাবেক সদস্য সানোয়ার হোসেন রুবেল (৪৬)। 

এছাড়া প্রাইভেট কারের চালক মো. সাইমকেও (২৫) মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বিকালে তাদের আদালতের বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে কিশোরগঞ্জ জেলার পিপি জালাল উদ্দিন বলেন।

আসামিদের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি। 

আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, আইনজীবী লুৎফুর রহমান ভুঁইয়া রুবেল ও সানোয়ার হোসেন রুবেলের বিরুদ্ধে ৫ অগাস্টের পর করা বিস্ফোরক আইনে মামলাসহ সংঘর্ষ, মারধর, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।