২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে দিদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারগারে পাঠিয়েছে।

গোপালগঞ্জে দিদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রবণ বিশ্বাস বাপী

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2024, 05:47 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে সদর উপজেলার সদরের সাতপাড় ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।

গ্রেপ্তার প্রবণ বিশ্বাস বাপী সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামি। 

গত ১৩ সেপ্টেম্বর শহরের বেদগ্রামে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী গাড়িবহর নিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। 

বিকালে তার গাড়িবহর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেন। এতে গাড়িবহরে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।

এ ঘটনায় এসএম জিলানীসহ ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। 

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১১৭ জনের নাম উল্লেখ ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ওসি সাজেদুর জানান, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় মঙ্গলবার দুপুরে রিমান্ডের আবেদন করে প্রবণ বিশ্বাস বাপীকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারগারে পাঠিয়েছে। 

আরও পড়ুন

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত