২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যায় ১৭ সেপ্টেম্বর তার স্ত্রী মামলা করেন।

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এম এম মাহমুদ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 12:29 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় পৌর আওয়ামী লীগের সহসভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান। 

গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এম এম মাহমুদ (৫৪), সদস্য তৌফিকুর রহমান (৪৮), রুবেল তালুকদার (৩৩) ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনা (৪৪)।

ওসি সাজেদুর বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ে থেকে পৌর আওয়ামী লীগের সহসভাপতিসহ ৩ আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়। 

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখা হয়।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ এবং আরও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।  

ওসি সাজেদুর জানান, শওকত আলী দিদার হত্যা মামলায় এই চারজরকে  গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।

পুরানো খবর

স্বেচ্ছাসেবক দলের নেতা খুন: শেখ সেলিমসহ আসামি ১১৮