Published : 26 Jun 2026, 06:49 PM
নীলফামারীতে ভিসা দেওয়ার কথা বলে প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
প্রতারণার মামলায় শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মতলুবর রহমান।
এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৪), ও রিফাত ইসলাম ওরফে ব্রিটিশ (২০), একই উপজেলার নিতাই বসুনিয়াপাড়ার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) এবং সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গ্রেপ্তাররা বাড়িতে বসে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন।
গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
রাতেই গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানান ওসি মতলুবর রহমান।