Published : 24 Jul 2026, 03:53 PM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের একদিন পর এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরাইল জানান।
নিহত ৫৫ বছর বয়সী হাসেম আলী আলমডাঙ্গা উপজেলায় উসমানপুর গ্রামের রুস্তম মণ্ডলের ছেলে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি বানি ইসরাইল বলেন, “বৃহস্পতিবার বিকালে নিজের জমিতে সার দিতে কাটাখালী মাঠে যান হাসেম আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। সকালে স্থানীয়রা মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর মরদেহের কিছু অংশ শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণী খেয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।