২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে দুই মেয়েকে আছাড়, পরে আত্মহত্যার চেষ্টা

বাকবিতণ্ডার এক পর্যায়ে মামুন মেঘলাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, বলছে প্রত্যক্ষদর্শীরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 03:14 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

কুষ্টিয়ার সদর উপজেলার হরিশংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা এবং দুই মেয়েকে কুপিয়ে ও আছাড় দিয়ে গুরুতর জখম করার পর এক যুবক নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের হরিশংকরপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. মোশারফ হোসেন জানিয়েছেন।

নিহত মেঘলা খাতুন (৩০) হরিশংকরপুর এলাকার মামুনের স্ত্রী। মামুন ওই এলাকার নবিউলের ছেলে এবং পেশায় রঙমিস্ত্রি।

মেঘলার দুই মেয়ে কুলসুম (৪) ও জান্নাতকে (২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, মামুনের স্ত্রী মেঘলার সঙ্গে স্থানীয় এক যুবকের সম্পর্ক গড়ে উঠেছিল। কিছুদিন আগে ওই যুবকের সঙ্গে মেঘলা ঢাকায়ও চলে গিয়েছিল। কিছুদিন ঢাকায় থেকে মেঘলা আবারও স্বামীর বাড়ি ফিরে আসে। এর জেরে দুজনের মধ্যে কলহ চলছিল। মঙ্গলবার রাতে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মামুন মেঘলাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মামুন। পরে দুই শিশু কন্যা কুলসুম ও জান্নাতকে মাটিতে আছাড় মেরে মেরে ফেলার চেষ্টা করে।

এক পর্যায়ে নিজের হাতে থাকা বটি দিয়ে মামুন নিজের ঘাড়ে ও গলায় কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের চারজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মেঘলাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রাজীব হাসান বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিতে দুজনকে রক্তাক্ত জখম অবস্থায় এবং দুই শিশুকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মেঘলা নামের এক নারীর মৃত্যু হয়েছে। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।”

ওসি মোশারফ হোসেন বলেন, “দাম্পত্য কলহের জেরে স্বামী স্ত্রীকে হত্যা এবং দুই শিশু কন্যাকে হত্যার চেষ্টা করেছেন। পরে ওই যুবক নিজেও আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।”