রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা
১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি এই প্রতিযোগিতার নিবন্ধন চলবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে নবম ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা। ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি এই প্রতিযোগিতার নিবন্ধন চলবে।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিসিডিসি গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
‘অসীম টেকসই উন্নয়ন লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের মত এবারও এই প্রতিযোগিতায় থাকবে চারটি ধাপ। অন ক্যাম্পাস প্রোগ্রাম, রিজিওনাল সামিট, গ্লোবাল অ্যাকসিলারেটর এবং গ্লোবাল ফাইনাল।
অন ক্যাম্পাস প্রোগ্রাম ধাপে বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগের শিক্ষার্থী একক অথবা তিন-পাঁচজনের দল হিসেবে নিবন্ধন পারতে পারবেন। একক নিবন্ধনকারীদের আয়োজক কমিটি দল গঠন করে দেবে।
অংশগ্রহণকারী প্রত্যেক দলকে টিম ফরমেশন, অ্যাবস্ট্রাকট সাবমিশন, এলোভেটর স্পিচ, ফাইনাল প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।
অন ক্যাম্পাস রাউন্ডের এই প্রতিযোগিতা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে দলগুলো তাদের প্রকল্পের সারসংক্ষেপ জমা দেবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত দলগুলো ভিডিও উপস্থাপন করবে। চূড়ান্ত ধাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে গ্রান্ড ফাইনালে আটটি দলের মধ্যে সরাসরি উপস্থাপনার মাধ্যমে সেরা তিনটি দলকে চূড়ান্ত বিজয়ী হিসাবে মনোনীত করা হবে। পরবর্তীতে এই তিনটি দল রিজিওনাল সামিটে অংশগ্রহণ করবে।
এ ছাড়া অন ক্যাম্পাস কার্যক্রমের অংশ হিসেবে ‘প্রজেক্ট পদচিহ্ন’র মাধ্যমে সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন আয়োজকরা। এই কার্যক্রমের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি, চর খিদিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা কার্যক্রম এবং নারী ক্ষমতায়ন বিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণ থাকবে।
আয়োজক কমিটির ক্যাম্পাস ডিরেক্টর নাজিফা তাবাসসুম ধমনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দলগত কাজ ও সামাজিক সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।”
তিনি বলেন, “এই আয়োজনের ফলে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ব্র্যান্ডিং শক্তিশালী হবে, শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এবং স্থানীয় সামাজিক সমস্যা সমাধানে তাদের ধারণা বাস্তবায়িত হওয়ার পথ তৈরি হবে।”
হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অন ক্যাম্পাস প্রোগ্রামে VRC study Abroad এবং খান তেহেরি ঘর সহযোগী হিসেবে থাকবে।
