Published : 04 Jul 2025, 03:41 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের সামনের পুরোনো দুটি কাঁঠাল গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে; যার কারণ হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তার অজুহাতে দেখিয়েছেন হল প্রশাসন।
শুক্রবার সকালে গাছ দুটি কাটা শুরু হলে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আতাউল্লাহ।
সরেজমিনে দেখা যায়, হলের সামনের দুটি কাঁঠাল গাছের মধ্যে একটির অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। বাকি অংশ কাটার প্রক্রিয়া শুরুর এক পর্যায়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। গাছটি অর্ধ-কাটা অবস্থায় রয়েছে। এ ছাড়া অন্য গাছটিরও কিছু ডালপালা কাটা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্রিন ভয়েসের সাবেক সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, “আমি পাশের আমীর আলী হলে থাকি। সকালে বিকট শব্দে আমার ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে দেখি, ফল ধরা কাঁঠাল গাছগুলো কেটে ফেলা হচ্ছে, যেখানে অনেক পাখির বাসাও ছিল।
“গাছ কাটার কারণ জানতে চাইলে সেখানে কর্মরত ব্যক্তিরা জানান, গাছগুলো বিদ্যুতের তারের ওপর হেলে পড়েছে এবং যেকোনো সময় ছিঁড়ে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তারা প্রাধ্যক্ষের স্বাক্ষর করা একটি অনুমতিপত্রও দেখান।”
তবে বিদ্যুতের তার থেকে গাছগুলো যথেষ্ট দূরে রয়েছে জানিয়ে আহসান হাবীব বলেন, এখন বর্ষার শেষ সময়, ঝড়ে গাছ ভেঙে পড়ার তেমন কোনো আশঙ্কাও নেই।
প্রাধ্যক্ষ আতাউল্লাহ বলেন, “সম্প্রতি ঝড়ে হলের একটি কাঁঠাল গাছের ডাল বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়েছিল; যা ছাত্রদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ বেগ পেতে হয়।

“বিদ্যুৎ অফিসের পরামর্শ এবং বর্ষা মৌসুমে আবার দুর্ঘটনা এড়াতেই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গাছগুলো কাটার জন্য আবেদন করি। পরে অনুমতি সাপেক্ষেই কাজ শুরু হয়।”
তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত গাছ কাটার কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান আতাউল্লাহ।