২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দোকান কর্মচারী খুন, গ্রেপ্তার যুবকের ভাষ্য ‘প্রতিশোধ’

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গ্রেপ্তার যুবকের বাড়িতে আগুন দেয় বলে জানায় পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 07:45 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ময়মনসিংহ নগরে এক দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে গ্রেপ্তারের ভাষ্য, ‘প্রতিশোধ’ নিতে এ পথ বেচে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান জানিয়েছেন।

গ্রেপ্তার আব্দুল খালেক (২৬) শহরের মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের ফজলুল হকের ছেলে।

শুক্রবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সামসুজ্জামান বলেন, সিসিটিভি ভিডিও ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খালেককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পনা করে দোকান কর্মচারী রাব্বিকে হত্যা করা হয়। হত্যায় খালেক বড় একটি দা বা হাঁসুয়া ব্যবহার করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

নিহত মো. রাব্বি (২৭) একই এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন।

র‌্যাব জানায়, বুধবার দুপুর ১২টার দিকে একদল লোক দেশি অস্ত্র নিয়ে রাব্বির ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে তাকে কুপিয়ে আহত করেন।

রাব্বিকে বাঁচাতে তার ভাই মুহাম্মদ রিয়াদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ এলাকাবাসী খালেকের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। পরে রাতেই অভিযান চালিয়ে খালেককে গ্রেপ্তার করে র‌্যাব।

দুপুরে সংবাদ সম্মেলনের পর ছবি তোলার সময় সাংবাদিকদের উদ্দেশে খালেক বলেন, আগে তার বাবাকে রাব্বির পক্ষের ১৫ থেকে ২০ জন কুপিয়ে আহত করেছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে রাব্বিকে হত্যা করেছেন তিনি।

রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও করেন খালেক। তার দাবি, রাব্বি বিভিন্ন দোকান থেকে চাঁদা তুলতেন এবং তার লোকজন চাঁদা দাবি করতেন।

র‌্যাব জানায়, এসব বিষয় থেকে বিরোধের সৃষ্টি হয় এবং সেই ক্ষোভ থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জিজ্ঞাসাবাদে খালেক জানিয়েছেন। 

র‌্যাব কর্মকর্তা সামসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডে সরাসরি চারজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে আরও আট থেকে ১০ জন থাকতে পারে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার খালেককে থানায় হস্তান্তরের পর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রাব্বির বাবা মোবারক হোসেন মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: 

পাসপোর্ট অফিসের সামনে আসতেই যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু