Published : 13 Aug 2026, 04:17 PM
ময়মনসিংহ নগরের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনে বৃহস্পতিবার বেলা দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ২৭ বছর বয়সী মো. রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিনি বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান চালতেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে গেলে কয়েকজন অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌঁড়ে নিজের দোকানে আশ্রয় নেয়। হামলাকারীরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন, “আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে দোকানে আসে। এ সময় একদল যুবক তাকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করে।
“লোকজন খালি দাঁড়িয়ে দেখছে, কেউ প্রতিবাদ করে নাই। এখন আবার কেউ কিছু ভয়ে বলতেছে না। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।”
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “জমি-জমার বিরোধের জেরে রাব্বিকে হত্যা করা হয়েছে। তার প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত।”
দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।