নেত্রকোণায় প্রতিষ্ঠানের কাছে বোতলে ডিজেল বিক্রি করায় জরিমানা
বোতলে করে বিক্রির চেষ্টা করা ১ হাজার লিটার ডিজেল সরকারি খাল খননের প্রকল্পে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
নেত্রকোণার পূর্বধলায় একটি প্রতিষ্ঠানের কাছে বোতলে করে ডিজেল বিক্রির করায় ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের গিরিপথ ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান।
ইউএনও বলেন, গিরিপথ ফিলিং স্টেশনে বোতলজাত করে ডিজেল বিক্রি হচ্ছে বলে স্থানীয়রা জানালে দ্রুত সেখানে অভিযান চালানো হয়। তখন গাজীপুরের একটি প্রতিষ্ঠানের কাছে ১ হাজার লিটার ডিজেল বিক্রি করার বিষয়টি ধরা পড়ে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গিরিপথ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ওই ১ হাজার লিটার তেল সরকারি খাল খনন কাজের প্রকল্পে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
