Published : 22 Apr 2026, 06:26 PM
বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বন্ধ থাকা রাজশাহী-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল আবারও শুরু হয়েছে।
বুধবার বিকালে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের জানিয়েছেন।
বিকাল ৫টা থেকে রাজশাহীতে বাস চালাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ও নাটোরের বাস মালিক সমিতির নেতারা অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের বিরোধ নিয়ে আলোচনা শেষে সমঝোতায় পৌঁছায়।
বৈঠক শেষে নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের বলেন, “রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণেই বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।
“বিকালে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করে পুনরায় বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”