১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

কাজী এনামুল হক ফারুক ৭১ টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ইমতিয়াজ আহমেদ জিতু দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 01:36 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

কুমিল্লা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক এবং সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচনের ভোট গ্রহণ ও  গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করা শাহ মোহাম্মদ আলমগীর খান। 

কাজী এনামুল হক ফারুক ৭১ টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি এবং  ইমতিয়াজ আহমেদ জিতু দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক। 

এর আগে দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে চলে। ভোট শেষে গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। 

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানাতে ক্লাব প্রাঙ্গণে নবীন-প্রবীণ সাংবাদিকদের ভিড় দেখা যায়।  বিজয়ী ও পরাজিত প্রার্থীরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান, যা নির্বাচন-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে আরও দৃঢ় করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খানের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু। 

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে জানা যায়, সহ-সভাপতি পদে মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু এবং দৈনিক ইনকিলাব-এর সাদিক হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার দেলোয়ার হোসাইন আকাইদ, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশ পত্রিকার শাহ আলম শফি, দপ্তর সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলো পত্রিকার ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে সাপ্তাহিক সমতটের কাগজ পত্রিকার জিএম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে সাপ্তাহিক মেঘতীর–মো. আসিফ হোসাইন মান্না এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার দিলীপ মজুমদার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের পাতা পত্রিকার এইচ এম জাকারিয়া মানিক, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ডেইলি নিউ এজ পত্রিকার ইয়াসমীন রীমা, এখন টেলিভিশনের খালেদ সাইফুল্লাহ এবং বৈশাখী টেলিভিশনের মো. আনোয়ার হোসাইন। 

পরে নবনির্বাচিত সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জীবনসহ বিজয়ীরা সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ তাঁরা ক্লাবের ঐতিহ্য, পেশাগত মর্যাদা ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অন্যদিকে, নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীরাও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ীদের অভিনন্দন জানান।