২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 10:21 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ববিরোধসহ নির্বাচনি বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনজন নিহতের ঘটনা ঘটল।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান গোয়ালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল হক।

এ ঘটনায় ২০ জনকে আটক করার কথা জানিয়েছেন নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি।

নিহত মাফাজুল মিয়া (৫০) নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সিমেরকান্দি আব্দুন নূরের ছেলে। তিনি এলাকার একটি পক্ষের নেতৃত্বদানকারী কাশেম মিয়ার পক্ষের লোক ছিলেন।

তবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

মঙ্গলবার নিহত হওয়া দুইজন হলেন- গোয়ালনগর ইউনিয়নের হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ (৪০) এবং আক্তার মিয়া (৫০)। হাবিবুর গোয়ালনগর ইউনিয়নের সিমেরকান্দি জামে মসজিদের ইমাম ছিলেন এবং স্থানীয় হান্নান মিয়ার ছেলে। 

অন্যদিকে আক্তার গোয়ালনগর গ্রামের হাছন আলীর ছেলে। তিনি চট্টগ্রামে শ্রমিকের কাজ করতেন। আক্তার মিয়া স্থানীয় রহিম তালুকদারের পক্ষের এবং হাবিবুর কাশেম মিয়ার পক্ষের লোক ছিলেন।

পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের পক্ষে গোয়ালনগর ইউনিয়নে কাজ করেন বিএনপির সমর্থক রহিম তালুকদারের লোকজন। 

অন্যদিকে একই ইউনিয়নে বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি কে এম কামরুজ্জামানের পক্ষে কাজ করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাশেম মিয়ার লোকজন।

নির্বাচনের আগে থেকেই রহিম ও কাশেমের মধ্যে প্রবাসে লোক পাঠানো, আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। নির্বাচনের সময় এ বিরোধ আরেও তীব্র হয়। ভোটের দিন সকালে গোয়ালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে রহিম তালুকদার পক্ষের সমর্থক জিয়া মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেয়। গত ১৪ মার্চ কারামুক্ত হয়ে এলাকায় ফেরেন জিয়া।

এসব বিরোধের জেরে মঙ্গলবার সকাল ৯টার দিকে উভয়পক্ষের লোকজন টেঁটা, বল্লম, ছুরি, চায়নিজ কুড়াল, লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দুই পক্ষের দুজন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। 

আহত মাফাজুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, “মাফাজুল মিয়ার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। তারপরও বিষয়টি যাচাই-বাছাই করছি। তবে কোনো পক্ষই থানায় এজাহার জমা দেয়নি।” 

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত