ময়মনসিংহ-১০: বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর আনন্দ মিছিলের পর সংঘর্ষ
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে প্রতীক বরাদ্দের পর বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পৌর শহরের থানা এলাকা ইসলামিয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমানের সমর্থকরা আনন্দ মিছিল বের করে।
মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে গিয়ে মুখোমুখি হয়ে যায়। এসময় উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় গুলি বর্ষণের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।
