শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৭১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
জব্দ করা পণ্যের মধ্যে কম্বল, প্যান্টের কাপড়, ফেস ওয়াশ, সাবান ও গরু রয়েছে।
ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা প্রায় ৭১ লাখ টাকার চোরাচালান পণ্যসহ একটি কভার্ড ভ্যান ও একটি ইজিবাইক জব্দ করেছে বিজিবি। তবে কেউ আটক হয়নি।
বুধবার ও বৃহস্পতিবার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী এলাকা এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর ও শ্রীবর্দী উপজেলার রাজাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদীর রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী সীমান্ত পথে চোরাকারবারিরা ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, ফেস ওয়াশ ও সাবানসহ বিভিন্ন মালামাল এবং গরু পাচারের চেষ্টা করছিল।
গোপন খবর পেয়ে টানা দুই দিন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ৭১ লাখ ছয় হাজার ৬০০ টাকা বরে জানান তিনি।
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মেহেদী।
