ময়মনসিংহে প্রকল্পের কাজ ছাড়াই ৬০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ
সংস্কারকাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগের বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনের সংস্কারকাজ না করেই ৬০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, নথিতে শতভাগ কাজ শেষ দেখিয়ে জুন মাসে পুরো টাকা উত্তোলন করা হলেও বাস্তবে কোনো সংস্কারকাজ হয়নি।
২০২৫-২৬ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ উপজেলার কৈচাপুর, ধারা, ধুরাইল, গাজিরভিটা, জুগলী ও স্বদেশী ইউনিয়ন পরিষদ ভবনের সংস্কারের জন্য প্রতিটি ইউনিয়নে ১০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়।
ছয়টি ইউনিয়ন পরিষদের সংস্কার বাবদ ৬০ লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট অফিসার মঞ্জুরুল ইসলাম খান।
তিনি বলেন, “সব নিয়ম মেনেই এই অর্থ তোলা হয়েছে।”
কৈচাপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী শফিকুর রহমান বলেন, ভবন সংস্কারের জন্য বরাদ্দের কথা শুনেছেন। কিন্তু দেড় বছর ধরে কর্মরত থাকলেও কোনো সংস্কারকাজ হতে দেখেননি।
ইউনিয়নটির সাবেক সংরক্ষিত নারী সদস্য কুলসুম বেগম বলেন, “ভবনের বিভিন্ন জায়গায় ছাদের পলেস্তারা খসে পড়ছে। সংস্কারকাজ হলে ভবন ঝকঝক করতো।”
কেউ বরাদ্দের টাকা আত্মসাৎ করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ধারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, “ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। সংস্কার জরুরি হলেও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি।”
সেবা নিতে আসা সেলিনা বেগম বলেন, “পরিষদে বসার মত পরিবেশও নেই। ভবন সংস্কার হলে সাধারণ মানুষের ভোগান্তি কমত।”
ধুরাইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিনহাজ উদ্দিন আহমদ বলেন, ১০ লাখ টাকা বরাদ্দের কথা শুনেছেন। কিন্তু অর্থবছর শেষ হলেও কোনো কাজ হয়নি। সাধারণত উপজেলা এলজিইডি কাজ বাস্তবায়ন করে। কাজ শেষ হওয়ার পর প্রতিবেদন অনুযায়ী বিল উত্তোলন করা হয়।
ওই ইউনিয়নের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম বলেন, সংস্কারের কোনো বরাদ্দ বা কাজের বিষয়ে তিনি জানেন না। অভিযোগ সত্য হলে আত্মসাৎ হওয়া টাকা ফিরিয়ে এনে কাজ শেষ করার দাবি জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির হালুয়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আবু রায়হান বলেন, তার জানামতে কোনো ইউনিয়ন পরিষদেই সংস্কারকাজ হয়নি। বিষয়টি তদন্ত হওয়া উচিত।
গাজিরভিটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেবনাথও বলেন, “সদ্য শেষ হওয়া অর্থবছরে ভবন সংস্কারের কোনো কাজ হয়নি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট উপজেলা এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন প্রথমে বলেন, কাজ চলমান রয়েছে।
পরে তিনি বলেন, কাজ এখনো শুরু হয়নি, ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, সময় স্বল্পতার কারণে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অফলাইনে আরএফকিউ পদ্ধতিতে তিনজন ঠিকাদারকে ছয়টি ভবনের সংস্কারকাজ দেওয়া হয়েছে। তাদের ধারণা ছিল, কাজ শুরু হয়েছে। যদি কোথাও কাজ শুরু না হয়ে থাকে, তাহলে ঠিকাদারদের দ্রুত কাজ শুরু করতে বলা হবে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, অগ্রিম বিল উত্তোলন করা হলেও ওই অর্থবছরের মধ্যেই কাজ শেষ করতে হয়। বিষয়টি নিয়ে যেহেতু অভিযোগ উঠছে, তাই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
