ভারতের কারাগারে মৃত বাংলাদেশির লাশ ফেরত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে লাশটি গ্রহণ করে বিজিবি।
অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশেটির কারাগারে বন্দি থাক অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে লাশটি হস্তান্তর করা হয় বলে জানান নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশের এসআই পলাশ চন্দ্র সরকার।
মৃত শিপন হাওলাদার (৩৫) বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে। শিপনের লাশ গ্রহণ করেন তার ভাই রিপন হাওলাদার।
এসআই পলাশ চন্দ্র সরকার বলেন, প্রায় ১৯ মাস আগে শিপন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেই সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
অবৈধ অনুপ্রবেশের দায়ে শিপনকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায় ভারতীয় আদালত। আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে এদিন দুপুর ১টার দিকে শিপনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এসআই পলাশ চন্দ্র।
