মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত হাতবোমা বিস্ফোরণ, আহত ১০
এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয় দোকানপাট। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার মোস্তফাপুরে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোস্তফাপুরের হাওলাদার বংশের সঙ্গে সরদার বংশের বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের দিকে তেড়ে যায় দুপক্ষ।
এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
