টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
মঙ্গলবার বিকালে বিজয় বাড়ৈকে গ্রেপ্তার করা হয়, জানায় পুলিশ।
আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় গোপালগঞ্জের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে মঙ্গলবার বিকালে বিজয় বাড়ৈকে গ্রেপ্তার করা হয় বলে টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম জানান।
৫৫ বছর বয়সী বিজয় ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও লেবুতলা গ্রামের বিমল বাড়ৈর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গীপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যাড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা বাধে।
সেখান থেকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হামলার ঘটনার পর থেকেই নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করে সেনাবাহিনী। পরে ওই ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় এসআই রাব্বি মোরসালিন একটি মামলা দায়ের করেন।
ওসি মো. খোরশেদ আলম বলেন, “আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় বিজয় বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
