টাঙ্গাইলে বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন না করায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আখ ক্ষেতে পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান।
নিহতরা হলেন- ওই গ্রামের কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান মাসুদ বলেন, কৃষক আরশেদ আলী চুরি ও শিয়ালের হাত থেকে আখ রক্ষা করতে ক্ষেতের চারপাশে তার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। সকালে ভুলবশত সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে তার স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আরশেদ আলী স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
