২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সেনা সদস্য খুন: তিনজনের মৃত্যুদণ্ড

এক দোষী পলাতক থাকায় তাকে ধরতে পরোয়ানা জারি করেছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 10:01 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনা বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড হয়েছে। 

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ  দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার জীবন (২৫), মিজমিজি বাতানপাড়া এলাকার সুমন মিয়া (২৭) ও একই এলাকার জুম্মন মিয়া (২৪)।

এদের মধ্যে সুমন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আদালত পরোয়ানা জারি করেছে বলে জানান পরিদর্শক রশীদ।

মামলার নথির বরাতে বাদী পক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, পটুয়াখালীতে কর্মরত সেনা বাহিনীর সদস্য শাহীন আলম (২২) ২০২২ সালের ১৫ জানুয়ারি সাতদিনের ছুটি নিয়ে রাতে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হন। 

পথে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে তার বন্ধুর বাসায় এক রাত থাকার সিদ্ধান্ত নেন। 

বন্ধুর বাসায় যাওয়ার পথে মৌচাক এলাকায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল- মানিব্যাগ নিয়ে যায়। 

স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহীন আলমকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের বড়ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। 

পুলিশ মামলাটির তদন্ত শেষে ওই তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।