পাঁচ বন্ধুর বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ তরুণীর, গ্রেপ্তার ৩
বগুড়ায় ঘটনার আগে ওই তরুণী বন্ধুদের সঙ্গে মদপান করেছিলেন বলে ভাষ্য পুলিশের।
বগুড়া সদরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে উঠেছে; যিনি ঘটনার আগে বন্ধুদের সঙ্গে মদপান করেছিলেন বলে ভাষ্য পুলিশের। এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী পাঁচজনেকে আসামি করে মামলা করেছেন।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার মো. কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাঁধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।
সোমবার সকালে মামলার বরাতে ওসি ইব্রাহীম আলী বলেন, “২০ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে ওই তরুণী শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে কাওছার, বাঁধন, সাদিক ও আরও একজন উপস্থিত ছিলেন।
“পরে তারা মদ্যপানের পরিকল্পনা করেন। রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন তারা। এরপর রাত ১০টা ১৫ মিনিটের দিকে শহরের একটি নির্মাণাধীন ভবনে যায় তারা। সেখানে তাদের সঙ্গে যোগ দেন রকি।”
তিনি বলেন, সেখানে মদ্যপানের এক পর্যায়ে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলায় দাবি করেছেন তরুণী।
“পরে ঘটনাস্থল থেকে আসামিদের একজন ওই তরুণীকে বের করে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এ সময় তাকে ফেলে পালিয়ে যান সঙ্গে থাকা তরুণ”, বলেন ওসি।
খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি ইব্রাহীম আলী বলেন, পরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
