১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

মারামারি থামাতে প্রতিবেশী আরব আলী এগিয়ে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে বলে জানায় পুলিশ।

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ফাইল ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 01:15 AM

Updated : 21 Jun 2023, 01:15 AM

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।   

মঙ্গলবার উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান। 

নিহত আরব আলী (৬৫) ওই এলাকার প্রয়াত নওয়াব আলীর ছেলে। 

নিহতের পরিবারের বরাতে পরিদর্শক আজগর বলেন, মঙ্গলবার সকালে জমি নিয়ে বিরোধে প্রয়াত বিল্লাত আলীর দুই ছেলে হক মিয়া (৬০) ও মো. কাদের আলীর (৬৫) বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। 

“এ সময় প্রতিবেশী আরব আলী তাদের থামাতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

এ ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পরিদর্শক আজগর।