২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবে সংস্কার শেষ, কবে ভোট মানুষ জানতে চায়: রিজভী

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর চূড়ান্ত খেলায় তিনি এসব কথা বলেন।

কবে সংস্কার শেষ, কবে ভোট মানুষ জানতে চায়: রিজভী
নরসিংদীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 08:36 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

সংস্কার কবে শেষ হবে আর কবে নির্বাচন হবে সেটা এখন বাংলাদেশের মানুষ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, “সংস্কার কখনও একটা পুরনো ৪০০ বছরের বটগাছের মত এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার পদ্মা নদীর পানির মত, মেঘনা নদীর পানির মত, বঙ্গোপসাগরের স্রোতের মত এগিয়ে চলে। যুগে যুগে এবং সময়ে সময়ে জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়।” 

এরপর তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন, সেটা কবে হবে, সেই কথাগুলো কিছু বলছেন না। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায়।”

শনিবার বিকালে নরসিংদীর হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর চূড়ান্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপি নেতা বলেন, “নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত, সেই কাজগুলো আটকে আছে। শেয়ারবাজার অত্যন্ত নাজুক, নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, কোরবানির আগে মসলার দাম বেড়ে গেছে। জবাবদিহিমূলক সরকার এলে এগুলো নিয়ন্ত্রণে কাজ করত। এ কাজগুলো তারা করতে পারছে না।”

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।  

খেলায় গাজীপুরের কাপাসিয়ার আলফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে ২-১ গোলে পরাজিত করে নরসিংদীর শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ বিজয়ী হয়।