গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে আটোরিকশা চালকের পর আহত দম্পতির মৃত্যু
এ ঘটনায় ওই দম্পতির দুই শিশু সন্তান হাসপাতালে চিকিৎসাধীন।
গাজীপুর মহানগরীতে বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার চালকের মৃত্যুর পর হাসপাতালে নেওয়ার পথে আহত দম্পতিরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির দুই সন্তানসহ আহত বেশ কয়েকজন হাসপাতালে আছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশের ঘটনাস্থলেই অটোরিকশার চালকের মৃত্যুর বিষয়টি জানিয়েছিলেন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম। তিনি অন্য কোনো মৃত্যুর তথ্য নিতে না পারলেও স্বজন ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের চালক দম্পতির মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঘোড়িয়া এলাকার আনসার আলীর ছেলে নাজমুল হোসেন (৩৩) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং অটোরিকশা চালক জুয়েল সরকার ওরফে হালিম (২৫)। হালিম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চন্ডিপুর এলাকার হিরো সরকারের ছেলে।
আহতরা হলেন, নিহত দম্পতির ছয় বছর বয়সি মেয়ে ও এক বছর বয়সি ছেলে। অন্য আহতদের মধ্যে আছেন, কোনাবাড়ী এলাকার এনামুল (৩০), মানিকগঞ্জ জেলার ধামরাইয়ের অজিত চরণ (৪৫) ও তার বাবা গোঙ্গা চরণ (৮০)।
স্থানীয় ব্যবসায়ী মোখলেছুর রহমান বলেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি অটোরিকশা উল্টো পথে আসছিলে। এ সময় তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে যাওয়ার পথে যান দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানসহ ছয়জন গুরুতর আহত হন।
দম্পতি নিহত হওয়ার বিষয়ে তাদের স্বজন শরিফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ারপথে মারা যান। তাদের সন্তান দুজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, “ওই দম্পতি গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সকালে তারা টাঙ্গাইলের তাদের বাড়ি আসার জন্য অটোরিকশায় করে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন।”
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। তিনজনের বিষয়টি জানা নেই।
অ্যাম্বুলেন্স চালক সুমন বলেন, “কোনাবাড়ী হাসপাতালের সামনে থেকে পাবলিক আমাকে ডেকে নিয়ে গাড়িতে আহতদের তুলে দেন। তাদের মধ্যে স্বামী-স্ত্রী মারা গেছেন। টাঙ্গাইল সদর হাসপাতালে তাদের এক মেয়ে ও ছেলে সন্তানকে ভর্তি করা হয়েছে। পরে ঠিকানা খুঁজে ওই স্বামী-স্ত্রী লাশ বাড়ি পৌঁছে দিয়ে এসেছি।”
আরো পড়ুন:
