Published : 14 Jul 2026, 07:25 PM
পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ছয় দফা দাবিতে বরিশাল নগরীতে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর নথুল্লাবাদে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
এতে ওই সড়কে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন অভ্যন্তরীণ ও দুরপাল্লা পথের যাত্রীরা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- পরীক্ষা স্বাভাবিক আবহাওয়াতে এবং সুস্থ পরিবেশে নিতে হবে; প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না, বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে হবে; পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও হিসাববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন বোর্ড স্ট্যান্ডার্ড না হওয়ায় এবং প্রশ্ন অত্যধিক ভুল থাকার কারণে আবার পরীক্ষাগুলো নিতে হবে অথবা গ্রেস মার্ক দিয়ে সবাইকে পাশ করাতে হবে; যৌক্তিক কারণবশত যদি কেউ এইচএসসি পরীক্ষাতে অনুপস্থিত থাকে তবে যত দ্রুত সম্ভব তার পুনঃপরীক্ষা নিতে হবে; কোনো শিক্ষার্থী ফেল করলে রেজাল্টের দুই মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে, কারণ একজন শিক্ষার্থীর একটি বছর অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এ ছাড়া, পরীক্ষার্থীদের উপর অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহিতা করতে হবে এবং শিক্ষার্থীরা যদি তা যুক্তিসংগত মনে না করেন, তবে তার পদত্যাগ করতে হবে।

বরিশাল সরকারী হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ হোসেন বলেন, “বৈরী পরিবেশের মধ্যেও সোমবার পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তাছাড়া কঠিন পরীক্ষার আগেও পর্যাপ্ত বন্ধ দেওয়া হয়নি। উল্টো অতীতের চেয়ে এবার প্রশ্নপত্র কঠিন হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে।
“বৈরী আবহাওয়ার কারণে অনেক স্থানেই পরীক্ষা নেওয়ার মত পরিবেশ নেই। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার পরেও এক বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও সব বোর্ডে তা স্থগিত করা হয়নি।”
আলিফ বলেন, “সমস্যাগুলো সমাধান না করেই শিক্ষামন্ত্রী আমাদের কটূক্তি করেছেন। তাই, আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। পাশাপাশি এই পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন দাবি করছি।”
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বোর্ড কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। পরে তারা সড়ক থেকে সরে যায়।