Published : 25 Mar 2026, 07:32 PM
চাঁপাইনবাবগঞ্জ সদরে সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা একটি সেতু সংযোগ সড়কের অভাবে প্রায় দেড় বছর ধরে কোনো কাজে আসছে না। এতে তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার উপজেলার শাজাহানপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সেতুটি পরিদর্শন করে দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ দেন।
নির্মাণ কাজ তদারকি করতে সাত সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে সেতুর মূল অবকাঠামো এবং আট কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় এটি চলাচল উপযোগী হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে প্রতিমন্ত্রীকে সেতুটি পরিদর্শন এবং জনগণের ভোগান্তি দূর করা নির্দেশ দেন বলে জানান তিনি।
বাকি কাজ দ্রুত শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এলজিইডি থেকে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ছয় কোটি ৯০ লাখ ৯২ হাজার ৩৪৩ টাকা ব্যয়ে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর ৬০ মিটার সেতুর কাজ শুরু হয়। তবে সংযোগ সড়কের জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় মালিকরা জমি ছাড়ছেন না। এক পর্যায়ে সেতুর কাজ অসম্পন্ন রেখেই চলে যান ঠিকাদার।
এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার শাহজাহানপুর, আলাতুলী ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজার হাজার মানুষ। বাসিন্দাদের ১০ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়।