২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ম্যুরাল ও টোলপ্লাজা ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হাতুড়ি নিয়ে ভাঙতে শুরু করেন, বলছেন প্রত্যক্ষদর্শীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 05:03 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড়ের ‘জয়বাংলা চত্বরে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মারক ম্যুরাল দ্বিতীয়বারের মতো ভেঙেছে ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হাতুড়ি নিয়ে ভাঙতে শুরু করেন। পরে পৌনে ৮টায় এক্সক্যাভেটর এনে ভাঙা শুরু করে।

এর আগে ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর চত্বরটির বিভিন্ন অংশ ভাঙচুর ও শেখ মুজিবুর রহমান মুখাবয়ব কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।

 প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের টাউন হলের মোড়ে জড়ো হয় বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে পাটগুদাম ব্রিজ মোড়ের জয়বাংলা চত্বরে গিয়ে ভাঙচুর শুরু করে তারা। এতে বেশ কিছু মাদ্রাসার শিক্ষার্থীও অংশ নেয়।

বৃহস্পতিবার মধ্যরাতে দ্বিতীয়বারের মত ব্রহ্মপুত্র সেতুর টোলবক্স ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ ৫ অগাস্টের পর টোলপ্লাজার কিছু অংশ ভেঙে টোল তোলা বন্ধ করে দিয়েছিল ছাত্রজনতা।

এছাড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জেলার ঈশ্বরগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং বিজয়-৭১ চত্বর।