‘আধিপত্য বিস্তার’: ময়মনসিংহে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের কারণে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষের কারণে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বেলালাবাদ দত্তপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।
আহতরা হলেন- উত্তর পালাহার গ্রামের কাঞ্চন (২৮), ইসরাফিল (৪৮), আল-আমিন (২৫) অপু (২০) এবং হিমেল (২৫)। এ ছাড়া দত্তপুর গ্রামের আনোয়ারুল ইসলাম (৪০), শরীফ মিয়া (২৫), ফারুক (৩০), রমজান মিয়া (৩৩) এবং ফজলুর রহমান আহত হয়েছেন।
আহতরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার বিকালে বেলালাবাদ দত্তপুর বাস স্ট্যান্ডে মহাসড়কে অটোরিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে দত্তপুর গ্রামের আনোয়ারুল ইসলাম ও উত্তর পালাহার গ্রামের সজল মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকালে স্থানীয়রা বেলালাবাদ দত্তপুর বাজারে মীমাংসার জন্য বসেন। এক পর্যায়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের এমএন ফিলিং স্টেশনের সামনে দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত দুই পক্ষের ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ১১ জুন ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী সমিতি নান্দাইলের কানুরামপুর পরিবহন পরিচালনা রোডে ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী।
কমিটি ঘোষণার পর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
দত্তপুর গ্রামের আনোয়ারুল ইসলাম বলেন, “অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে আমার ওপর হামলা করা হয়। আজকে তারা দলবল নিয়ে আক্রমণ করেছে।”
উত্তর পালাহার গ্রামের সজল মিয়া বলেন, “আমার এলাকার ছোট ভাইদেরকে আনোয়ারুল ইসলামের লোকজন মারধর করেছে। জিজ্ঞেস করলে আমাকেও মারধর করেন তারা। মটরযান কর্মচারী সমিতির কমিটি ঘোষণার পর থেকেই তারা এমন শুরু করেছে।”
ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চাঁদাবাজি নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনা মীমাংসার জন্য স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
