২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চোরাই পণ্য ধরতে গিয়ে নৌকাডুবি, বিজিবি সদস্য নিখোঁজ

নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুম নদীতে তলিয়ে যান বলে জানায় পুলিশ।

সিলেটে চোরাই পণ্য ধরতে গিয়ে নৌকাডুবি, বিজিবি সদস্য নিখোঁজ
বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে আসা চোরাই পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবির এক সদস্য নিখোঁজ হয়েছেন।

তাকে উদ্ধারে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি চালাচ্ছেন।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকার ইছামতি নদীতে এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান।

নিখোঁজ মাসুম বিল্ল্যাহ (৩৫) সোনারহাট বিজিবি ক্যাম্পের সিপাহী।

রাত ৮টার দিকে ওসি তোফায়েল আহমদ বলেন, “রাত হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হচ্ছে। আশা করছি তাকে দ্রুত উদ্ধার করতে পারব।”

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মাসুমসহ বিজিবি দুই সদস্য উপজেলা সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া নদীর পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকায় করে টহল দিচ্ছিলেন। এ সময় ভারতীয় পণ্যবাহী একটি নৌকাকে থামানোর চেষ্টা করেন তারা। তবে চোরাই পণ্যবাহী নৌকার ধাক্কায় দুটি নৌকাই পানিতে ডুবে যায়। 

নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুম নদীতে তলিয়ে যান। তাৎক্ষণিক আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।

সিপাহী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে।”

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরতা চালানোর কথা জানিয়েছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন।