চাঁদপুরের ‘দুই টাকার চিকিৎসালয়’ ফের চালুর পথে
“এটি বন্ধ হয়ে যাওয়ায় শুধু চিকিৎসাকেন্দ্রই বন্ধ হয়নি, আমাদের এলাকার একটি ঐতিহ্যও যেন হারিয়ে গিয়েছিল।”
চাঁদপুর শহরের পুরানবাজারে সরু গলি দিয়ে প্রতিদিন হেঁটে যান দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, নদীভাঙনে সর্বস্ব হারিয়ে শহরে আশ্রয় নেওয়া মানুষ। সংসারের খরচ মেলাতেই যাদের হিমশিম খেতে হয়, সেখানে অসুস্থতা তাদের জন্য বাড়তি দুর্ভোগ। চিকিৎসকের ফি, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের খরচ অনেকের পক্ষেই বহন করা সম্ভব হয় না।
এই মানুষগুলোর কাছে একসময় বড় ভরসার নাম ছিল ‘পুরানবাজার দাতব্য চিকিৎসালয়’। মাত্র দুই টাকার টিকিটে মিলত চিকিৎসকের পরামর্শ; দেওয়া হতো প্রয়োজনীয় ওষুধও। ১৯২০ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত চিকিৎসালয়টি টানা ১০৫ বছর ধরে দরিদ্র মানুষের চিকিৎসাসেবার অন্যতম আশ্রয় হয়ে ছিল। স্থানীয়দের কাছে তাই এটি পরিচিত ছিল ‘দুই টাকার চিকিৎসালয়’ নামে।
এই চিকিৎসালয়টি মূলত পুরানবাজার ও আশপাশের এলাকার নিম্নআয়ের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। ২০২৫ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। চিকিৎসাসেবার এই আশ্রয়কেন্দ্রটি বন্ধ থাকায় দরিদ্র মানুষের ভোগান্তি বাড়ে।
এবার চিকিৎসাসেবা আবার চালুর উদ্যোগ নিয়েছে চাঁদপুর পৌরসভা। আপাতত পুরোনো ভবনের পাশেই একটি অস্থায়ী স্থাপনা নির্মাণ করে সেখানে চিকিৎসাসেবা চালু করা হবে।
রোববার বিকালে চিকিৎসালয়টি পরিদর্শন করে চাঁদপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এরশাদ উদ্দিন আগামী এক সপ্তাহের মধ্যে পাশেই অস্থায়ী স্থাপনা নির্মাণ করে চিকিৎসাসেবা চালুর নির্দেশ দেন। ভবিষ্যতে সেখানে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, “কিছু সমস্যার কারণে পুরানবাজার দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। আমরা আবার চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছি, যাতে পুরানবাজারের পৌরসভার পাঁচটি ওয়ার্ডের মানুষ এখানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারেন।“
তিনি বলেন, “পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত পাশেই অস্থায়ী স্থাপনায় চিকিৎসাসেবা চালু করা হবে। পরে সেখানে বহুতল ভবন নির্মাণ করে আরও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসালয়টি শুধু একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল না; ছিল দরিদ্র মানুষের শেষ ভরসা। দুই টাকার টিকিট কেটে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ থাকায় অসুস্থতার সময় তাদের অতিরিক্ত অর্থের চিন্তা করতে হতো না।
পুরানবাজারের বাসিন্দা গোপাল বলেন, “গরিব মানুষের জন্য এই চিকিৎসালয়টি অনেকটা পরিবারের সদস্যদের মতো ছিল। অসুস্থ হলে বেশি টাকা লাগবে, এই দুচিন্তা অন্তত করতে হতো না।”
স্থানীয় প্রবীণ বাসিন্দা হরিপদ দাস বলছিলেন, “ছোটবেলা থেকে এই চিকিৎসালয় দেখে আসছি। প্রজন্মের পর প্রজন্ম এখান থেকে চিকিৎসা সেবা নিয়েছে। ফলে এটি বন্ধ হয়ে যাওয়ায় শুধু চিকিৎসাকেন্দ্রই বন্ধ হয়নি, আমাদের এলাকার একটি ঐতিহ্যও যেন হারিয়ে গিয়েছিল।”
খোকন নামের আরেক বাসিন্দা বলেন, “পুরানবাজারের বহু মানুষ দিনের আয়েই দিনের সংসার চালান। হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার জন্য কয়েক’শ বা হাজার টাকা জোগাড় করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই দুই টাকার এই চিকিৎসালয়ের প্রয়োজনীয়তা আজও আছে।”
মো. রাজন ও মো. ফারুক বলেন, ভবন পুরোনো হলে নতুন ভবন করা যেত, চিকিৎসক সংকট হলে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া যেত। কিন্তু পুরো চিকিৎসালয় বন্ধ করে দেওয়া কোনো সমাধান ছিল না।
চাঁদপুরের পুরানবাজারের এই চিকিৎসালয়ের ইতিহাস একেবারেই পুরোনো। পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন জানান, স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯২০ সালে ব্রিটিশ আমলে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়। এরপর ব্রিটিশ শাসনামল পেরিয়ে পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের সময়েও চিকিৎসালয়টির কার্যক্রম চালু ছিল।
তিনি বলেন, “সময়ের স্রোতে রাজনৈতিক ও প্রশাসনিক নানা পরিবর্তন এসেছে। শহরের চেহারা বদলে যাওয়ার পশাপাশি পুরানবাজারের মানুষের জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে। কিন্তু দরিদ্র মানুষের জন্য কম খরচে চিকিৎসার প্রয়োজন এখনও আগের মতোই রয়েছে।”
গত বছর চিকিৎসক সংকটের অজুহাতে চিকিৎসালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
তাদের প্রশ্ন ছিল, কোনো প্রতিষ্ঠানে চিকিৎসকের সংকট দেখা দিলে চিকিৎসক নিয়োগ বা বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা, নাকি পুরো চিকিৎসাকেন্দ্রই বন্ধ করে দেওয়া হবে?
এদিকে পুরানবাজারের দরিদ্র মানুষের জন্য চিকিৎসালয়টি পুনরায় চালুর দাবিও বিভিন্ন মহল থেকে ওঠে।
পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, “শুধু নামমাত্র চিকিৎসালয় চালু করে থেমে থাকতে চায় না পৌরসভা। নতুন করে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগের পরিকল্পনাও রয়েছে। একজন চিকিৎসক যেন প্রতিদিন এখানে রোগীদের চিকিৎসা দিতে পারেন- সেই ব্যবস্থা করা হবে। এছাড়া পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে কিছু ওষুধ দেওয়ারও ব্যবস্থা করব।”
এ পরিকল্পনা বাস্তবায়িত হলে পুরানবাজারের পাঁচটি ওয়ার্ডের নিম্নআয়ের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য কেন্দ্র তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মো. বাবুল বলেন, “আমরা চাই চিকিৎসালয়টি শুধু খুলে দেওয়া না হোক, নিয়মিত চিকিৎসক থাকুক। দরিদ্র মানুষ এসে যেন ফিরে না যায়। প্রয়োজনীয় ওষুধও যেন পাওয়া যায়।”
মিজানুর রহমান বলেন, “আমরা চাই এই চিকিৎসালয় আর কখনো বন্ধ না হোক। ভবন বদলাবে, চিকিৎসক বদলাবে, সময় বদলাবে-কিন্তু গরিব মানুষের জন্য দুই টাকার সেই মানবিক চিকিৎসার দরজা যেন খোলা থাকে।”
পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বলেন, “এখন অপেক্ষা শুধু অস্থায়ী স্থাপনাটি প্রস্তুত হওয়ার। তারপর আবার খুলবে চিকিৎসালয়ের দরজা। হয়তো আগের মতোই দরজার সামনে ভিড় করবেন পুরানবাজারের শ্রমজীবী মানুষ। কারও হাতে থাকবে দুই টাকার টিকিট, কারও সঙ্গে থাকবে অসুস্থ মা, বাবা কিংবা সন্তান।”
তিনি বলেন, “একটি ছোট্ট চিকিৎসাকেন্দ্র হয়তো তাদের সব রোগ সারাতে পারবে না। কিন্তু অন্তত দরিদ্র মানুষের জন্য চিকিৎসকের কাছে যাওয়ার পথটি সহজ করে দেবে।”
