সিরাজগঞ্জে ৭ ‘ডাকাত’ গ্রেপ্তার
তারা দেশের বিভিন্নস্থানে ডাকাতি করে আসছিল বলে র্যাব জানিয়েছে।
সিরাজগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি মাইক্রোবাস থেকে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন-পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার বামনকুমার গ্রামের জহির উদ্দিনের ছেলে জমির খান (৩৯), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিজিডাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে মো. কামরুজ্জামান (৪৪), রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার কাটাখালি বটতলা গ্রামের মোতালেব ওরফে মাসুদ সেখের ছেলে জহুরুল সেখ ওরফে সুমন (৩৩), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ধনঞ্জয় গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুরের মধুখালি উপজেলার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেউলি গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. রাজু (৩১) ও গোপালগঞ্জের নকুরির চরের আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় একটি মাইক্রোবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মাইক্রোবাসটি আটক করে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের একজনের কাছ থেকে হ্যান্ডকাফ ও পুলিশের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।”
গ্রেপ্তাররা সবাই ঢাকার আশপাশে ভাড়া বাসায় বসবাস করে এবং দীর্ঘদিন ধরে দেশের মহাসড়ক ও যানবাহনসহ বিভিন্নস্থানে ডাকাতি করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
