কুমিল্লায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ২
প্রত্যক্ষদর্শীরা বলছে, সংঘর্ষের সময় দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, শুক্রবার বেলা ১২টা ৩০ মিনিটে বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
নিহতরা হলেন- দেলোয়ার হোসেন নয়ন ও সালেহ আহাম্মদ।
এ ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলছে, এর আগে গত বছরের ৩ অগাস্ট ওই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছিলেন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, শুক্রবারের সংঘর্ষের সময় দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ওসি আরিফুর রহমান বলেন, “আমি শুনছি যে গোলাগুলির ঘটনা ঘটেছে।”
