বাগেরহাটে বিএনপির দুপক্ষের সংঘর্ষের আহত ২৫, বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
“বিএনপির কাউন্সিল নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল; দুই দিন আগেও তাদের মধ্যে মারামারি হয়েছে”, বলেন পুলিশ সুপার।
বাগেরহাট সদর উপজেলায় বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এ সময় আটটি বসতঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ অগাস্টের পর থেকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির দুই নেতা রুহুল আমিন ওরফে রুহুল মেম্বার এবং মোস্তাফিজুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
রুহুল আমিন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মোস্তাফিজুর রহমান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
সম্প্রতি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। সবশেষ সোমবার রাতে উভয়পক্ষের মধ্যে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে বিকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে শতাধিক লোকজন রুহুল মেম্বার ও তার সাত ভাইয়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে আটটি বসতঘরের মালামালসহ গবাদিপশু রাখা গোয়াল ঘর, হাঁস মুরগির ঘর ও খড়ের গাদা পুড়ে গেছে।
রাত ৮টার পরও সেখানে কয়েকটি ঘরে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ ছাড়া পাল্টাপাল্টি হামলা উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রুহুলের পরিবারের সদস্যদের দাবি, মোস্তাফিজের লোকজন কয়েকদিন ধরে তাদেরকে মারধরের চেষ্টা করছিলেন। এর জন্য পুরুষরা গা ঢাকা দিয়েছিল। এ সুযোগে তারা বাড়িতে এসে সবশেষ করে দিল।
রুহুল আমিনের স্ত্রী বলেন, “আমার স্বামী ইউনিয়ন বিএনপির সভাপতি হতে চান। প্রতিপক্ষ আমাদের ওপর হামলা করে, বাড়িতে থাকা টাকা পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এক স্বৈরাচার খেদায়ে দেশে এ কোন স্বৈরাচার আসিছে। সাধারণ মানুষজন নিরিবিলি থাকতি পারতিছে না।”
রুহুলের ছোট বোন ফরিদা ইয়াসমিন বলেন, “আমার ভাই জেলা বিএনপির এক নেতার পক্ষে কাজ করেন। প্রতিপক্ষরা বাড়িতে হামলা করে নারী, শিশু ও বৃদ্ধদেরও জখম করেছে।
“আমরা বলেছি, ঘরে শিশুরা আছে, তাও কোনো ছাড় দেয়নি। ওরা আগুন দিয়ে দিছে। পাশেই পুলিশ ও আর্মি দাঁড়ায়ে রইছে, আমাদের বাড়ি পোড়ায়ে দেল, কেও কোনো সাহায্যই করেনি।”
এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের মোবাইলে কল করা হলে, তার নম্বর বন্ধ পাওয়া গেছে।
তবে সোমবার রাতের ঘটনা নিয়ে মঙ্গলবার মোস্তাফিজুর সাংবাদিকদের বলেছিলেন, “রুহুলের ভাই আওয়ামী লীগের ক্যাডার শেখ রেজাউল করিম রেজার নেতৃত্বে সোমবার রাতে দেশি অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জন লোক হামলা চালিয়ে আমাদের পাঁচ নেতাকর্মীকে আহত করেন। সেই সময় তারা পাঁচটি মোটরসাইকেল, একটি অটোরিকশা ও একটি দোকান ভাঙচুর করে লুটপাট করেন।”
মোস্তাফিজুরের পক্ষের নেতা বিষ্ণুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম মোল্লা বলেন, “সোমবার রাতে ভাঙচুর করা মোটরসাইকেল নিয়ে দুপুরে আমার ভাই মামুন মোল্লা থানার যাওয়ার পথে রুহুলের লোকজন তার ওপর হামলা করে। আমরা তার চিকিৎসার জন্য হাসপাতালে ছিলাম।
“এরই মধ্যে বিকালে আমার আরেক ভাই মাহমুদ মোল্লাকে কুপিয়ে রাস্তার ফেলে রাখে প্রতিপক্ষের লোকজন। সন্ধ্যার দিকে তারা আবারও দেশি অস্ত্র নিয়ে বের হয়, তখন পুলিশও ছিল। এ সময় আমাদের লোকজন তাদেরকে ধাওয়া দেয়। পরে তারা নিজেরাই বাড়িতে আগুন দেয়।”
পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, “বিএনপির কাউন্সিল নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। দুই দিন আগেও তাদের মধ্যে মারামারি হয়েছে। এরই জেরে আবার দুপক্ষ মারামারি করেছে। এখন পরিস্থিতি শান্ত আছে।”
ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
